করোনাভাইরাস : বাংলাদেশের একটি পরিবারের স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছে সিঙ্গাপুর
সম্প্রতি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসা একটি পরিবারের তিন সদস্যের স্বাস্থ্যের অবস্থা জানতে চেয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই তিন যাত্রীর হেলথ স্ক্রিনিং ও ডিক্লারেশন ফরম সংগ্রহ করা হলেও তাদের কোয়ারেন্টাইন করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি পরে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে জানতে পেরেছি। বিমাবন্দরে ইমিগ্রেশন থেকে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে ইতিমধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তারা সরেজমিন ওই পরিবারটির সঙ্গে দেখা করে তথ্য সংগ্রহ করবেন।
সিঙ্গাপুরফেরত ওই যাত্রীদের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কোনো তথ্য জানেন না স্বাস্থ্য কর্মকর্তারা।
এ তিনজন সম্ভবত সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ শ্রমিকের কোনো স্বজন হবেন এমন ধারণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। তাদের কেউ আক্রান্ত কারও মাধ্যমে সংক্রমিত হয়েছেন কি না তা জানতেই সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনের (আইএইচআর) নিয়মানুসারে সদস্যভুক্ত সকল দেশ করোনাভাইরাসসহ বিভিন্ন সংক্রমিত রোগের ঝুঁকির ব্যাপারে একে অন্যকে সহায়তা করে থাকে। তারই অংশ হিসেবে বাংলাদেশের একই পরিবারের তিন সদস্যের ব্যপারে জানতে চেয়েছে দেশটি।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত করা হয়। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৯১৪ জন। আর প্রাণহানি ঘটেছে তিন হাজার ৪৬৬ জনের।
বার্তা বাজার / ডব্লিও.এস