চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রেও। এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুধু নিউইয়র্কেই আইসোলেশনে রাখা হয়েছে ৪ হাজার মানুষকে। আতঙ্কে রয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৩টি অঙ্গরাজ্যে প্রায় ৩শ’ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। শুধু নিউইয়র্ক অঙ্গরাজ্যেই নতুন আক্রান্ত রোগী ২২ জন।এ রাজ্যে এখন পর্যন্ত ট৪৪ জন আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া ৪ হাজার সন্দেহভাজনকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর মধ্যে নিউইয়র্কে ২৭০০, ওয়েস্টচেস্টার কাউন্টিতে ১০০০ এবং লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে ৭০ জন আইসোলেশনে আছেন।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সঙ্কটের ভয়ে অনেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখছেন। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দোকানিরা।
এক প্রবাসী বাংলাদেশি বলেন, বাজার করছি কারণ কিছুদিন পর দোকান বন্ধ হতে পারে। আমরা প্রত্যাশা করি যাতে এটা না হয়।
শুক্রবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ১৪ জন এবং ক্যালিফোর্নিয়ায় মারা গেছেন একজন।
করোনা ভাইরাসে বয়স্ক মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। তাই প্রাণঘাতী এ ভাইরাস থেকে বাঁচতে প্রাথমিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বয়স্কদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।
বার্তা বাজার / ডব্লিও.এস