কৃষক পরিবারকে জিম্মি করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে মামলা

মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুকান্ত অধিকারী শিশিরসহ ৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক পরিবারের ৪ সদস্যকে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

শুক্রবার মাগুরা সদর থানায় মামলা রেকর্ডের পর এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, মহম্মদপুর উপজেলার চর পাচুড়িয়া গ্রামের কৃষক বাদশা মোল্যা, দুই ছেলে ইমামুল ও আজিজুল এবং তাদের চাচাতো ভাই হায়দারকে সঙ্গে নিয়ে ৭ ধারার একটি মামলায় হাজিরা দিতে মাগুরা ডিসি অফিসে যান। হাজিরা দিয়ে দুপুরে ফেরার সময় ডিসির অফিসের গেট থেকে তাদের অপহরণ করা হয়।

মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী সাজ্জাদুর রহমান সাচ্চু, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুকান্ত অধিকারি শিশির, প্রচার সম্পাদক জিবলু মোল্যা ছাড়াও ইমন, নয়ন ও টুটুল তাদের ওপর হামলা চালায়। পরে কৃষক পরিবারটিকে তারা গাড়িতে তুলে শহরের দোয়ারপাড় এলাকার নির্জন স্থানে নিয়ে যায়।

সেখানে পলাইয়ের কাঠ চেরাই কলের পেছনে বাগানে আটকে রেখে তাদের ওপর নির্যাতন চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা আদায়ের চেষ্টা করা হয়।

শুক্রবার বাদশা মোল্যার ছেলে ইমামুল হক অভিযুক্ত ৭ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, অপহরণকারীরা একটি পরিবারকে মারধর করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং ৫ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেয়। মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা চেয়ে বারবার ফোনও করে। পুলিশ জানতে পেরে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে সাচ্চু এবং ইমনকে করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

মামলার বাদী ইমামুল হক বলেন, সম্প্রতি আমি বাইরাইন থেকে দেশে ফিরেছি। আমাদের সঙ্গে ছাত্রলীগ নেতা সাচ্চুর পরিবারের কোনো বিরোধ না থাকলেও মিথ্যা মামলা দিয়ে আমাদের কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। অহেতুক আমাদের ওপর নির্যাতন চালানো হয়।

মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে শুক্রবার মামলা হয়েছে। দুজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর