অপহরণ ও চাঁদাবাজীর অভিযোগে মাগুরা জেলা ছাত্রলীগের সহ – সভাপতি শিশির সাহা,প্রচার সম্পাদক জিবলু মোল্যাসহ ৭ ছাত্রলীগ নেতা কর্মীর নামে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেছেন মহম্মদপুর উপজেলার চর পাতুরিয়া গ্রামের ইমদাদুল হক।
বাদী ইমদাদুল হকের অভিযোগ, তিনি বাবা বাদশা মিয়া ও ছোট ভাই আজিজুলকে নিয়ে নিজ বাড়ি থেকে একটি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার মাগুরা শহরে আসেন।বিকেলে মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সাজ্জাদুর রহমান সাচ্চু নামে এক ব্যক্তি শিশির, জিবলু,ইমন,নয়ন ও টুটুলসহ আরো একাধিক যুবককে সাথে নিয়ে তাদেরকে কৌশলে অপহরণ করে বাটিকাডাঙ্গা এলাকায় নিয়ে যায়। এসময় অপহরণকারীরা তাদের কাছে থাকা নগত অর্থ কেড়ে নেয়। পাশাপাশি তার মোবাইল ফোনের বিকাশ নম্বরে পরিবারের সদস্যদের কাছে দুই লক্ষ টাকা পাঠানোর দাবী করে।ইমদাদুল হক বিষয়টি মোবাইলে তার গ্রামের বাড়িতে থাকা স্ত্রী ফাতেমা বেগমকে জানান।ফাতেমা বেগম তাৎক্ষনিকভাবে বিষয়টি পুলিশকে জানান। সাথে – সাথে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমদাদুল হক তার বাবা ও ছোট ভাইকে উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে সাচ্চু ও ইমন নামে দুজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,বাদীর পরিবারের সদস্যদের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ সাচ্চু ও ইমন নামে দুজনকে আটক করেছে। এ ঘটনায় শিশির,জিবলু ও আটকৃত দুইজনসহ ৭ জনের নামে মাগুরা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজীর মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা বাজার/এস.আর