বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বুকে পিঠে অশ্নীল শব্দ!
বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে অংশ নেয় কিছু তরুণ তরুণী। এদের মাঝে হলুদ শাড়ী পড়া কয়েকজন তরুণী পিঠে লিখেছেন অশ্নীল কিছু শব্দ আর তরুণেরা লিখেছেন বুকে।
এইসব ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনা শুরু হয়। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া রোদ্দুর রায়ের মত করে একেবারে বিকৃত ভঙ্গিতে ওইসব তরুণ তরুণী রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন বলেও দেখা গেছে ভিডিও।
পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারের এক খবরে বলা হয়, ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে ওই ঘটনায় যুক্ত পাঁচ ছাত্রছাত্রীকে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ছাত্রছাত্রীরা সবাই হুগলি জেলার শ্রীরামপুর কলেজের।
আরেকটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব যথেষ্ট বিখ্যাত। অনুষ্ঠানে বহিরাগতদের প্রবেশের প্রায় মাসখানেক আগে থেকেই শুরু হয়ে রেজিস্ট্রেশনের কাজ। নিবন্ধন করে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও বসন্ত উৎসবে যোগ হন। কিন্তু এইবারের অনুষ্ঠানের কিছু কাজ অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে।
ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রী বলেন, ‘ঘটনার দিন দুপুরেই ঘটনাটি আমাদের নজরে আসে। তার পরেই আমরা ভিসির কাছে লিখিতভাবে অভিযোগ জানাই। তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন।’
বসন্ত উৎসবের বিতর্কিত কর্মকাণ্ডে বহিরাগতদের ঘাড়েই দায় চাপিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি। তার দাবি,যারা এই কাজ করেছে তারা কেউই আমাদের বিশ্ববিদ্যালয়ের না। তাদের নামে সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসজে