‘বাংলাদেশে এমন একটা সরকার, এরা তো ডেঙ্গুই থামাতে পারে না। করোনা যদি হয়, স্বীকারই তো করবে না। ‘সরকার অস্বীকার করছে, দেশে কোনো সমস্যা নেই বলে। কিন্তু, গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, বাংলাদেশে করোনাভাইরাসের আশঙ্কা প্রচুর। করোনা ভাইরাসে সতর্কতার প্রতি গুরুত্বারোপ করে এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (০৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতা ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যদি করোনাভাইরাস জেলের মধ্যে ঢুকে, বেগম জিয়া অবশ্য জেলে নাই এখন। যদি তিনি জেলে থাকতেন, এ সরকার বলত- ভালোই হয়েছে, তাড়াতাড়ি শেষ হয়েছে। কিন্তু, যদি হসপিটালে যায়?
মাহমুদুর রহমান মান্না আফসোস করে বলেন, ‘আমি সেদিন দেখলাম হাটহাজারীতে সভা করে বলল, মোদি যদি আসে তাহলে সব বিমানবন্দর বন্ধ করে দেব। বিএনপির যদি কোনো নেতা বলতেন, বেগম জিয়া যদি ৪৮ ঘণ্টার মধ্যে বের না হয়, পুরো দেশ বন্ধ করে দেব।’
মান্না খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কথা জানিয়ে বলেন, ‘আন্দোলন করতে হবে। সে আন্দোলন আবেগ আর গরম গরম বক্তৃতা দিয়ে না। খুব ঠান্ডা মাথায়, ভেবে-চিন্তে, কৌশলে, বুদ্ধি খাটিয়ে রাজপথে নামেন, তার বিকল্প নেই। আর যদি নামতে পারেন, তাহলে দেখবেন তাদের পালাবার পথ বন্ধ হয়ে গেছে।’
বার্তাবাজার/এমকে