রাজধানীর হাইকোর্ট এলাকায় মেট্রোরেলের কাজ করার সময় রড চাপা পড়ে আহত সবুজ ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৬ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সবুজ নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে থাকতেন।
নিহতের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তারা একসাথেই মেট্রোরেলের কাজ করেন। সকালে হাইকোর্ট এলাকায় রাস্তার ওপরে রড বাঁধাই করছিলেন তারা। এ সময় কয়েকটি রড কাত হয়ে তাদের ওপর পড়ে যায়। শফিকুল সঙ্গে সঙ্গে সরে আসতে পারলেও রডে সবুজের বুকে জোরে ধাক্কা লাগে।
এতে সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য সবুজের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে