১৬টি কোম্পানীর মালিক আ’লীগ প্রার্থীর নিজের নামে নেই কোনো গাড়ি!

আসন্ন ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম ১৬ কোম্পানীর মালিক হলেও তার কোনো গাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থীত রবিউল আলম রবি আ’লীগের প্রার্থী শফিউলের তুলনায় কম সম্পদের মালিক হলেও তার আছে ২৪ লাখ টাকা দামের গাড়ি।

বিএনপির রবিউল আলমের কোনো ঋন নেই, আর আ’লীগের শফিউলের ঋণ আছে। রবিউলের নামে ৭১টি মামলা থাকলেও আর শফিউলের নামে কোনো মামলা নেই।

নির্বাচন কমিশনে জমা দেয়া প্রার্থীদের হলফনামায় দেখা গেছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানায় থাকা এমকম পাস নৌকা প্রতীকের প্রার্থী শফিউল ইসলামের বার্ষিক আয় ৩৯ লাখ ৭১ হাজার ৬১২ টাকা। তার নামে স্থাবর সম্পত্তি রয়েছে ১৪ কোটি ২৫ লাখ ৬১ হাজার ১৬৪ টাকার। স্ত্রীর নামে রয়েছে ৫৮ লাখ ৯৬ হাজার ৫৭১ টাকার সম্পদ। স্ত্রীর নামে ২৬ লাখ টাকা দামের টয়োটা গাড়ির কথা উল্লেখ করলেও নিজের নামে কোনো গাড়ি নেই এই প্রার্থীর।

হলফনামায় দেয়া তথ্য মতে, শফিউল ইসলামের ১৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে, ওনাস কনস্ট্রাকশন লিমিটেড, ওনাস শিপিং লাইন্স লিমিটেড, ওনাস গার্মেন্টস লিমিটেড, ওনাস অ্যাপারেলস লিমিটেড, ওনাস ডিজাইন লিমিটেড, প্রিন্টো প্যাক লিমিটে, মজুমদার শিপিং লিমিটেড, অটোসিরামিক কোম্পানি প্রাইভেট লিমিটেড, এ আর স্টাইল লিমিটেড, ওডিসি ড্রেসেস লিমিটেড,ড, প্যাট্রিশিয়ান নিট ওয়্যারস লিমিটেড, সিটাডেল অ্যাপারেলস লিমিটেড, জে বি এস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড, অ্যাকোয়া মেরিন ড্রেজিং লিমিটেড, ইয়ংতাই ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেড এবং পি ওয়াই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। রবিউল আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম মেসার্স আর বি এন্টারপ্রাইজ।

এক কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা ঋণ রয়েছে আওয়ামী প্রার্থীর।

অন্যদিকে ধানের শীষের প্রার্থী শেখ রবিউলের পেশা ব্যবসা। তিনি শেয়ার বাজার ও সম্মানী বাবদ বছরে আয় করেন ২৮ লাখ ৫৮ হাজার ৬১২ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। তার নামে কৃষি, অকৃষি জমি, দালানসহ স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৩ হাজার টাকার। স্ত্রীর নামে ১৬ লাখ ৩৬ হাজার ৫৩২ টাকার সম্পত্তি রয়েছে। এছাড়া ২৪ লাখ ৫০ হাজার টাকার একটি গাড়ির কথা উল্লেখ করেছেন।

নিজ নামে ৬১ লাখ ৫৩ হাজার ২৫২ টাকার অস্থাবর সম্পত্তির কথা বলেছেন বিএনপির এ প্রার্থী। পাশাপাশি স্ত্রীর নামে ৩৯ লাখ ৪২ হাজার টাকার অস্থাবর সম্পত্তির কথা জানিয়েছেন। তবে তিনি ঋণখেলাপি নন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর