ইবিতে বি.এড ও এম.এড কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এ্যাডুকেশন এ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে বি.এড, এম.এড ও লাইব্রেরি সায়েন্স কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে এ ভর্তি পরীক্ষা। এসময় ভর্তিচ্ছুদের ৩০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।

জানা যায়, এ বছর আইআইইআর এর অধীনে ১ বছর মেয়াদী ব্যাচেলর অফ এ্যাডুকেশন (বি.এড), মাস্টার্স অফ এ্যাডুকেশন (এম.এড) ও ডিপ্লোমা ইন লাইব্রেরি এ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষায় মোট ৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বি.এড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ১০৪জন, এম.এড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৪৮ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি এ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৪০টি আসনের বিপরীতে লড়েন ৪১৩ জন শিক্ষার্থী।

এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

এবিষয়ে,আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী বার্তা বাজার’কে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভর্তি পরীক্ষা সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামীকালের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর