খুলে দেয়া হলো পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববী

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দুটি পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের জন্য সাময়িক বন্ধ করা হয়েছিল। পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদ আল-হারাম ও পবিত্র মদিনা নগরীর মসজিদে নববী খুলে দেয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ভোরে এ দুই মসজিদ খুলে দেয়ার খবর জানায় সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া।

এর আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামের কাবা শরীফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। কাবা শরীফ ধোয়া-মোছার কাজ করার জন্য সাময়িকভাবে বন্ধ করা হয় বলে জানা যায়।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৪২ জন। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি।

এর মধ্যে সৌদি আরবেও পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে সৌদি আরব স্থানীয় ও বিদেশি নাগরিকদের পবিত্র ওমরাহ পালন স্থগিত করে দেয়। বন্ধ করে দেয় ২৫টির মতো দেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসাও। পাশপাশি নিজ দেশের নাগরিকদের জন্যও ওমরাহ পালন বন্ধ করে দেয় সৌদি কতৃপক্ষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর