দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজত জয়ন্তী উদযাপন

দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় দিনাজপুর সরকারি কলেজের ক্যাম্পাস থেকে শহরের সুইহারি এলাকা পর্যন্ত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এবং কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা মিলে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালির মধ্য দিয়ে শুরু করে ব্যবস্থাপনা বিভাগের রজত জয়ন্তী উৎসব।

২৫ বছর পূর্তি উপলক্ষে ব্যবস্থাপনা বিভাগের রজত জয়ন্তী উৎসবে দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মীর সাজ্জাদ আলী’র সভাপতিত্বে রজত জয়ন্তী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. রেজওয়ানুর রহমান, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর, প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ।

ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, দিনাজপুর সরকারি কলেজে ১৯৯৩ সালে ব্যবস্থাপনা বিভাগটি চালু হয়। প্রথম ব্যাচে মাত্র ১১জনকে নিয়ে বিভাগটির কার্যক্রম চালু হলেও বর্তমানে প্রতি বছর শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়। প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী প্রভাষক মো. ইকবাল হোসেন বলেন, ‘আমরা প্রথম ব্যাচে মাত্র ১১জন ছিলাম। আমরা সেই সময় আমাদের ব্যাচের নাম দিয়েছিলাম, ‘ওরা ১১জন।’ দীর্ঘ ২৫ বছর পর সবাই একসাথে একত্রিত হতে পেরে কি যে আনন্দ লাগছে এটা আসলে ভাষায় প্রকাশ করে বলার মত না।’

দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন বলেন, ‘২৫ বছর পর একই বিভাগের অনেক শিক্ষার্থী একত্রিত হলে একটা নতুন ভুবন তৈরি হবে এটাই স্বাভাবিক। আমরা আমাদের স্মৃতিকে মনে রাখার জন্যই এসব অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ২৫ ধরে এই বিভাগের অনেক শিক্ষার্থীই এখন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরাও চাই উত্তরবঙ্গের এই নামকরা বিদ্যাপিঠ থেকে আমাদের ছেলে মেয়েরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাক। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করুক।’

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর