চিরিরবন্দরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাজাপুর মেক্সির মোড় বাজারে ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে দোকান গুলো পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানিরা।
স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে যেকোন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে জাহাঙ্গীর ট্রেডার্স মুদি দোকান, তুষার ফার্মেসী, মনজ মোবাইল কর্নার ও সার্ভিসিং সেন্টারের সব মালামাল পুড়ে যায়।
জাহাঙ্গীর ট্রেডার্স মুদি দোকানের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা দোকান বন্ধ করে রাতে বাড়ি গিয়েছি। হঠাৎ দোকানে আগুন লাগার খবর পেয়ে গিয়ে দেখি সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন সব হারিয়ে পথে বসেছি।’
এই ঘটনায় রাতেই চিরিরবন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। চিরিরবন্দর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সারোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ৩টি দোকানে আগুন লাগে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে ৩টির দোকানে আনুমানিক ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে।’
বার্তা বাজার / ডব্লিও.এস