যশোরের একটি আন্তর্জাতিকমানের হোটেলে বিজিবি ও বিএসএফের ১৩তম সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনার ব্যপারে বিজিবি-বিএসএফ একমত হয়েছে। সম্মেলনের প্রথম দিন শেষে বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি’র ) যশোর দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল গনি খান।
তিনি জানান, সীমান্তহত্যা শূন্যের কোঠায় আনার ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে দিনভর বিশদ আলোচনা হয়েছে। আলোচনাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিরা এ ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
একই তথ্য জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ প্রতিনিধি দলের প্রধান ভারতের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি যোগেশ বাহাদুর খুরানিয়াও। তিনি বলেন, সীমান্তে চোরাচালান বন্ধসহ সব ধরনের অপরাধ দমনে যৌথ টহল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।
বিজিবির রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান, যশোর দক্ষিণ-পশ্চিম রিজিওন কমান্ডের পরিচালক ও স্টাফ অফিসার কর্নেল খন্দকার সাইফুল আলম, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আলিমুল করিম চৌধুরী, বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আশওয়ানি কুমার সিং, গোহাটি ফ্রন্টিয়ারের আইজি পাইউশ মোর্দায় প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিজিবির রিজিওন কমান্ডার ও বিএসএফের আইজি পর্যায়ের চার দিনব্যাপী এই সীমান্ত সমন্বয় সম্মেলনে উভয় দেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। বিজিবি কর্মকর্তারা ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। বিএসএফের প্রতিনিধি দলটি এদিন দুপুরে বেনাপোল দিয়ে বাংলাদেশে পৌঁছায়। সম্মেলন শেষে আগামী ৮ মার্চ ভারতীয় প্রতিনিধি দল দেশে ফিরে যাবে।
বার্তা বাজার / ডব্লিও.এস