মাশরাফিকে নিয়ে তামিম-মুশফিকের আবেগী প্রতিক্রিয়া

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়কত্বে প্রথম নিজের নাম লেখান মাশরাফি। সিলেটে আগামীকাল(শুক্রবার) ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতি টানবেন তার অধিনায়কত্বের। ১০ বছরের দীর্ঘ যাত্রায় ভালো এবং খারাপ দুটো মুশফিক-তামিম-রিয়াদদের ছায়া হয়ে ছিলেন ম্যাশ।

মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর আবেগী হয়ে পড়েছেন এই তিন পাণ্ডব। বার্তাবাজার পাঠকদের জন্য তুলে ধরা হলো তাদের প্রতিক্রিয়া।

মুশফিকুর রহিম

‘মাশরাফি ভাইয়ের কোনো বদলি হবে না। এমন অধিনায়ক আর বাংলাদেশে আসবে না। উনি যেন পরিবারের অংশ। তার ক্যাপ্টেন্সি মিস করব। শুধু অন দ্য ফিল্ড না। অফ দ্য ফিল্ডও মাশরাফি ভাইয়ের অভাব দেখা দেবে। তার সঙ্গে খেলাটা অন্যরকম অনুভূতি।’

তামিম ইকবাল

‘মাশরাফির অবদান ভোলার মতো না। ২০১৫ থেকে আমাদের দলটি এ পর্যন্ত যা করেছে সেটা অস্বীকার করা যাবে না।’

মাহমুদউল্লাহ রিয়াদ

‘বাংলাদেশের অধিনায়ক হিসেবে অনেক কিছুই দিয়েছেন ম্যাশ। তিনি যে বাংলাদেশের অন্যতম ডিসেন্ট খেলোয়াড় তাতে কোনো সংশয় নেই। আরও কয়েক বছর খেলতে পারবেন তিনি। আশা করি ভালো করবেন। যদি খেলাটা চালিয়ে যায় সেজন্য শুভ কামনা। আমার তরফ থেকে শতভাগ শুভকামনা।

অবসর পরবর্তী যে পরিকল্পনাই করুক, তার জন্যও শুভকামনা জানাই। যেখানেই থাকুক ভালো থাকবে আশা করি। অধিনায়ক হিসেবে উনি কতটা সফল সেটা রেকর্ড দেখলেই বোঝা যায়। মাশরাফি ভাই দলের দায়িত্ব নেওয়ার আগে আমরা বেশ স্ট্রাগল করছিলাম। উনি বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর দলের চেহারাই পাল্টে গিয়েছিল। উনি আসায় কাজ সহজ হয়েছিল।’

মোহাম্মদ মিথুন

‘সাফল্যই বলে উনি অধিনায়ক হিসেবে কেমন। অবশ্যই তাকে শুভ কামনা জানাই। আশা করি তিনি ভালো থাকবেন।’

মেহেদী হাসান মিরাজ

‘ওনার সাথে অনেকগুলো ওয়ানডে খেলেছি। প্রায় ৪০টার মতো একদিনের ম্যাচ খেলা হয়েছে। যে কয়দিনই ছিলাম, সবাইকে ওনি আগলে রেখেছে। বিশেষ করে আমরা বেশি মিস করব। আমরা তো তাকে বেশী ম্যাচ পাইনি। তারপরও যতটুকু পেয়েছি, নিজেকে সৌভাগ্যবান বলতে হয়। তার নেতৃত্বে খেলেছি, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। অনেক সিরিজ জিতেছি তার নেতৃত্বে। অনেক মিস করব।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর