বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ভারত । বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির সফর নিশ্চিত করে।
১৭ মার্চ থেকে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন শুরু হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১৭ই মার্চের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। এ উপলক্ষে তিনি ঢাকা সফর করবেন। এই মুখপাত্র আরো জানান, সফরে দ্বিপক্ষীয় বিষয়ও আলোচিত হবে।
মোদি কবে ঢাকায় আসবেন ও কবে ফিরবেন তা অবশ্য জানানো হয়নি।
নরেন্দ্র মোদি ছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি। ।।বাসস।।
বার্তা বাজার / ডব্লিও.এস