করোনা আতঙ্কে কাবা শরিফ সাময়িক বন্ধ ঘোষণা

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদুল হারাম বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যেই এই ঘোষনা দেয়া হয়। ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস বৃহ্পিতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, মক্কার পবিত্র এই মসজিদে ধোয়া-মোছার কাজ চলছে।

সানডে এক্সেপ্রেস তাদের প্রতিবেদনে এক ইসলামি পণ্ডিতর টুইটবার্তা উল্লেখ করেছে। ডা. ইয়াসির কাধি তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় বলেছেন, সুবহান আল্লাহ, পবিত্র কাবা এখন জনমানবশূন্য। তাওয়াফ বন্ধ রয়েছে। করোনাভাইরাস আতঙ্কে কর্তৃপক্ষ হারাম শরিফ পরিষ্কার করছেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।

তবে কাবা শরিফকে প্রথমবারের মতো জনমানবশূন্য দেখে অনেকেই অবাক হয়েছেন। টুইটারে একজন লিখেছেন, আমার জীবনে প্রথমবারের মতো কাবা শরিফকে খালি দেখলাম। আরেকজন লিখেছেন, একেবারেই বিরল ঘটনা।

মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মক্কার পবিত্র গ্রান্ড মসজিদ। এই মসজিদের প্রাণকেন্দ্রে কাবা শরিফের অবস্থান। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করায় সৌদি আরব এর আগে বিদেশি এবং নিজ দেশের নাগরিকদের পবিত্র ওমরাহ পালন স্থগিতের ঘোষণা দেয়।

এর আগে সোমবার প্রথমবারের মতো সৌদিতে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় সৌদি কর্তৃপক্ষ। পরে বুধবার আরও এক সৌদি নাগরিককে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।
মক্কা, মদিনা এবং হজবিষয়ে সৌদি বিশেষজ্ঞ ডা. স্বামী আনগায়ি বলেছেন, আমার জীবদ্দশায় দেখা এই নিষেধাজ্ঞাকে সবচেয়ে কঠোর মনে হচ্ছে। তবে ইসলামের এক হাজার ৪০০ বছরের ইতিহাসে এটি নজিরবিহীন নয়। তবে মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্রের সুরক্ষায় সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাহসী এবং বুদ্ধিদ্বীপ্ত বলে মন্তব্য করেছেন তিনি।

সৌদি আরবের ডেপুটি হজ মন্ত্রী আব্দুল ফাত্তাহ মাশাত জানান, সৌদির আরবের নাগরিক এবং বাসিন্দারা এখনও মক্কা এবং মদিনার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারলেও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা রয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর