পাপিয়াকান্ডে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জড়িয়ে খবর প্রচার না করার অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের
দেহব্যবসা, মাদক ও জাল টাকার ব্যবসাসহ আরও অনেক অপকর্মের দায়ে গ্রেফতার শামীমা নূর পাপিয়াকে জড়িয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে সন্মানহানিকর সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামিমা নূর পাপিয়া ওরফে পিউসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও উৎস উল্লেখ করে পাপিয়াকে জড়িয়ে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও সম্মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে এবং এতে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে’।
বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয় যে,‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে আটক ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জড়িয়ে অযথা সম্মানহানিকর, বিভ্রান্তিকর এবং অসত্য সংবাদ প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও উৎস উল্লেখ করে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো’।
বার্তাবাজার/এসজে