মাথার ভিতর ঘিলু না থাকলে শিক্ষিত মানুষ গড়া যাবেনা : এমপি মনজুর

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বলেছেন, টাকা হলে রাজমিস্ত্রিও চারতলা ভবন করে দিতে পারবে। কিন্তু মাথার ভিতর ঘিলু না থাকলে শিক্ষিত মানুষ গড়া যাবেনা। বর্তমানে অনেকেই স্কুলের উন্নয়ন ও এমপিওভুক্তির জন্য অনেক দৌড়ঝাপ করেন। এসবের জন্য তারা যতোনা প্রচেষ্টা চালান ততোটুকু তারা পড়াশুনার মানোন্নয়নের জন্য করেন না। আমাদের এ অবস্থা হতে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের দরকার মেধাবী প্রজন্ম। তবে শুধু ভবন হলেই শিক্ষিত গড়ে তোলা যাবেনা। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশুনায় উন্নত করে শিক্ষিত করে তোলা যায় সেদিকে লক্ষ্য রাখা।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে একথা বলেন। প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা এ ভবন নির্মাণ করা হচ্ছে।

মনজুর হোসেন বুলবুল বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোশালা করা যাবে না।শিক্ষার্থীদের পড়াশুনায় অধিক মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মাদক কারবারীরা যাতে দেশটাকে ধ্বংস করতে না পারে সেজন্য সমাজে শিক্ষিত ছেলেমেয়েদের নেতৃত্ব গড়ে তুলতে হবে।

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএম বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বাচ্চু মৃধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মানোয়ার, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর