চট্টগ্রাম বিমানবন্দরে ফের ৬৪৫ কার্টন বিদেশি সিগারেট ও দু’টি স্বর্ণের বারসহ চারজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), শুল্ক গোয়েন্দা দল ও কাস্টমস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এয়ার এরাবিয়ার ফ্লাইটে দুবাই থেকে আসা ৪ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বিদেশ থেকে আগত ফ্লাইট যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণে সজাগ ছিল এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা টিম। যার প্রেক্ষিতে দুবাই হতে এয়ার এরাবিয়ার (জি ৯-৫২৮) ফ্লাইটে আসা চার যাত্রীকে সন্দেহ হলে তাদের ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে ফটিকছড়ির মোহাম্মদ হোসেনের কাছ থেকে ২৯০ কার্টন, ডবলমুরিংয়ের মোহাম্মদ বদিউল আলমের কাছ থেকে ৯৫ কার্টন, লোহাগাড়ার মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছ থেকে ১৯০ কার্টন ও কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে ৭০ কার্টন সিগারেট সহ ২৩৪ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জব্দকৃত সিগারেট ও স্বর্ণের বার বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে এবং আটক যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বার্তা বাজার / ডব্লিও.এস