আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে কম উত্থান পতনের মধ্য দিয়ে যাননি মাশরাফি বিন মুর্তজা। খারাপ পারফরম্যান্সের কারণে যেমন সমর্থকদের চক্ষুশূল হয়েছেন আবার তেমনই দেশকে নেতৃত্ব দিয়ে সাফল্যের শিখরেও নিয়ে গেছেন মাশরাফি, একই সঙ্গে বাহবাও আদায় করে নিয়েছেন সমালোচকদের।
খারাপ সময়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্র অবশ্য মাশরাফি নিজেই শুনিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান প্রতিকূল পরিস্থিতিতে জীবনকে উপভোগ করা শ্রেয় মনে করেন তিনি।
সদ্য বিদায়ী অধিনায়ক বলেন, ‘সবকিছু যখন আপনার জীবনের বিপক্ষে থাকবে, তখন আপনি কতটুকু সামনে যেতে পারেন এই ব্যাপারে একটা চ্যালেঞ্জ নিতে পারেন। সেটা আপনার পরিবার বা আপনার সাথে যারা থাকে তাদের জন্য একটা শিক্ষা হতে পারে।
এছাড়া আপনি আরামেই জীবনটা পার করলেন। আমি উপভোগ করি সব যখন বিপক্ষে থাকে। এটাই আমার জীবনের উপভোগের অংশ। সবকিছু যখন পক্ষে থাকে তখন আমার কাছে মনে হয় জীবনের মূল্য কিছুই না।’
বার্তাবাজার/কেএ