দীর্ঘ দিন পর চার দেয়ালের ভেতর কৃতি ক্রিকেটারের সাদামাঠা সংবর্ধনা
দীর্ঘ দিন পর চার দেয়ালের ভেতর সাদামাঠা ভাবে অনূর্ধ্ব -১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের গর্বিত ক্রিকেটার পঞ্চগড়ের কৃতি সন্তান শরিফুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে একটি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শরিফুল ইসলাম তার গ্রামের বাড়ি দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়নের মৌমারী থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে আসলে ফুল দিয়ে তাকে বরণ করে নেয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা পঞ্চগড়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, পঞ্চগড় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেসী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান,পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম ও শরিফুলের বাবা দুলাল মিয়া প্রমুখ।
এ সময় শরিফুল জানান, আসলে আমি সংবর্ধনার জন্য কখনো খেলিনি। তবুও সবার সংবর্ধনা পেয়ে খুব ভাল লাগছে। তরুণ ক্রিকেটারদের প্রতি বলেন তোমরা ভাল ভাবে মনযোগ দিয়ে খেলবে। তাহলে অবশ্যই তোমরা ভাল করবে।
সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনূর্ধ্ব-১৯ এর মত জাতীয় দলে খেলে দেশের জন্য এভাবে একটি বিশ্বকাপ এনে দিতে পারি। অনুষ্ঠান শেষে শরিফুলের হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/কেএ