পাপিয়া ও পিরোজপুরের ঘটনায় সরকার বিব্রত নয়: ওবায়দুল কাদের

পিরোজপুরের আদালতে জজের বদলি এবং যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার কর্মকাণ্ডে সরকার মোটেও বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগের বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। সেখানে যদি কোনও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেটার সমাধানও তারাই করবেন। আমরা আইনের শাসনে এবং বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। এই বিষয়ে দলীয়ভাবে মন্তব্য করবো না। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণে কোনও বিচ্যুতি দেখলে দলীয়ভাবে ব্যবস্থা নেবো।’

দেহব্যবসার অভিযোগে আটক যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া চৌধুরীর সাথে আওয়ামী লীগের অনেক হাই প্রোফাইল নেতার সংশ্লিষ্টতার ব্যাপারে তিনি বলেন,’আমরা বিব্রত না হয়ে ব্যবস্থা নেই। সব অপরাধীদের আইনের আওতায় আনা হবে সে যেই হোক না কেন’।

প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর