গোপালগঞ্জে গোলাম মাওলা রনি নামে এক যুবককে পিটিয়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত গোপালাম মাওলা রনি সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মৃত মান্নান কাজির ছেলে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১ টায় শহরতলীর ফকিরকান্দি লেকপাড়ে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম মাওলা রনির ভাই মনির কাজী বলেন, বৃহস্পতিবার সকালে একই এলাকার সাদেক ও খালাতো ভাই আলামিন নামে দুই যুবক মোবাইলে ফোন করে রনিকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। তারা ১০/১২ জন মিলে রনিকে পিটিয়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতের রগ কেটে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা গোলাম মাওলা রনিকে রক্তাক্ত অবস্থায় ফকিরকান্দি লেকপাড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আমরা স্থানীয়দের নিয়ে গুরুতর আহত অবস্থায় রনিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, নিহত গোপালাম মাওলা রনির বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় মাদক, চুরি ও মারামারি সংশ্লিষ্ট মোট ১০ টি মামলা রয়েছে। তবে কি কারনে হত্যার ঘটনা ঘটেছে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখই বলা যাচ্ছেনা। যেহেতু এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বার্তাবাজার/এমকে