‘বাংলাদেশে এখন তালি দেয়া কাপড় পরা মানুষ দেখা যায় না’

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর দিন বদলের রাজনীতি বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার(৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল-২০২০ উপলক্ষে শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এখন খালি পায়ের মানুষ দেখা যায় না, তালি দেয়া কাপড় পরা মানুষ দেখা যায় না। এখন আর কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। অন্ততপক্ষে টিনের চালা দেয়া ঘর দেখা যাবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এই হচ্ছে শেখ হাসিনার দিন বদলের রাজনীতি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে এখন ১৫ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। একজন রিকশাওয়ালা ভাইয়ের স্ত্রীর ৫০০ টাকার দরকার হলে স্বামীকে ফোন করে বলেন, আমার ৫০০ টাকার দরকার। আর সাথে সাথে সেই রিকশাওয়ালা ভাই মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। কৃষকভাই তাঁর জমির পোকার ছবি তুলে কৃষি অফিসে পাঠিয়ে দেন আর কৃষি অফিসার ফোনের মাধ্যমেই পরামর্শ দিয়ে দেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আজ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। অব্যাহতভাবে জনসমর্থন পেতে হলে শুধু উন্নয়ন দিয়ে সম্ভব নয়, মানুষের প্রতি বিনয়ী হতে হবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আইন আদালত এখন স্বাধীন, দুদক স্বাধীন। যার কারণে, আওয়ামী লীগের এমপিদেরও আদালতে যেতে হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান ও সাহাবুদ্দীন ফরাজী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিল উদ্দীন আহ্ম্মেদ শিমুল এমপি ও ফেরদৌসি ইসলাম জেসি এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল অদুদ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর