সিরাজগঞ্জে দু’শো বছরের প্রাচীন মুদ্রা উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাড়ী নির্মাণের জন্য মাটি খননের সময় দু’শো বছরের প্রাচীন ৩২টি রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। বুধবার গভীর রাতে শ্রমিকদের নিকট থেকে এ মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া মুদ্রাগুলোর বিষয়ে কথা বলছেন পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম। ছবি: বার্তা বাজার

বৃহস্পতিবার (৫ মার্চ) সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম জানান প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের নিশিপাড়া, উল্লাপাড়া পশ্চিমপাড়া মহল্লার জনৈক বাবুল মৃধার বাড়ীতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খনন কাজ করছিলেন ৪ শ্রমিক।

খননের সময় মাটির নীচ থেকে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো ভাগভাগি করে নিয়ে যায়। পরবর্তীতে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করতে থাকলে পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার রাতে শ্রমিকদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রীস্টাব্দের। এগুলোর মধ্যে ৩টির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে। উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর