ডিবি’র অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৩ ডাকাত আটক

ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৩ আন্তঃ জেলা ডাকাত সদস্যকে আটক করেছে। বিভিন্ন বাড়িতে ডাকাতির প্রস্তুতি কালে বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর রাতে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।

আটক ডাকাতরা হলেন- আবুল হোসেন (৩০), মহি উদ্দিন (৪৫), রাজু মিয়া (৩০), সুরুজ মিয়া (৩৫), জালাল মাদবর (৫০), আবুল হোসেন ফকির (৪০), রাসেল শিকদার (২৮), আমজাদ হোসেন (৪৫), পাগল চন্দ্র মনিদাস (৫৫), আইয়ুব আলী (৪৪), সাদেক মিয়া (৪১), মনির হোসেন (৪৫), আবুল হোসেন ফকির (৪০)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

এব্যাপারে, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম জানান, বৃহস্পতিবার ভোর রাতে হেমায়েতপুরের বিভিন্ন বাড়িতে পিকআপ ভ্যান নিয়ে আটক ১৩ ডাকাত সদস্য গরু ডাকাতি করতে যায়। গোপন সূত্রে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ১৩ জন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা তিনটি গরু উদ্ধার করা হয়।

ডিবি’র এই চৌকস অফিসার ইনচার্জ আরও জানান, আটক ডাকাত সদস্যরা দিনের বেলায় সাভারের বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ভাড়া থেকে রাতের বেলায় ডাকাতি করতে বের হতো। এরা শুধু বাসা বাড়িতে নয়, বিভিন্ন চলন্ত গাড়িতেও ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

আটক ডাকাতদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর