রাজধানীর রমনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুল কাদের চৌধুরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ পচে দুর্গন্ধ বেরোচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার(৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বেইলী রোড অফিসার্স কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুর্গন্ধ পেয়ে প্রতিবেশিরা খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে আব্দুল কাদেরের লাশ উদ্ধার করে। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ছিলেন। ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন। এছাড়া তিনি অবিবাহিত। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।
জানা গেছে, অসুস্থতাজনিত কারণে গত ৭ থেকে ৮ দিন তিনি অফিসে যাননি। ৫ থেকে ৬ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বার্তাবাজার/কে.জে.পি