ভোটার কার্ডে বাবার নাম ভুল ছিল। তাই মুর্শিদাবাদের ধুলিয়ানের রামনগরের বেওয়া ২ গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথের এক বাসিন্দা তা সংশোধনের আবেদন করেছিলেন। তার পরে যে সংশোধিত ভোটার কার্ডটি তাঁর হাতে এসেছে, তাতে তাঁর বাবার নাম ঠিক হয়েছে। কিন্তু তাঁর ছবির জায়গায় রয়েছে একটি কুকুরের ছবি।
নিজের ছবির জায়গায় কুকুরের ছবি বসায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল কর্মকার (৬০)। তিনি জানান, ‘মানুষ হিসেবে আমাকে অপমান করা হয়েছে। আমাকে পশু হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে। আমার ছবি না দিয়ে একটা কুকুরের ছবি দেওয়া হল। খুবই অপমানজনক। উপযুক্ত শাস্তি দাবি করছি।’
ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও বিনয়চন্দ্র রায় বলেন, ‘‘ওই ব্যক্তি ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। পরে খসড়া ভোটার তালিকায় ভোটারের ছবির জায়গায় কুকুরের ছবি দেখে আমাকে দ্রুত ভোটারের বাড়ি গিয়ে পাসপোর্ট ছবি আনার নির্দেশ দেওয়া হয়। আমি তড়িঘড়ি গিয়ে ছবি এনে জমা দিয়েছিলাম। তা সত্ত্বেও এত বড় ভুল কী করে হল ভেবে পাচ্ছি না।’’
বার্তাবাজার/কে.জে.পি