ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে পাসপোর্ট জালিয়াতি করে প্যারাগুয়েতে ঢুকে পড়ায় আটক করা হয়েছে। ব্রাজিলিয়ান সুপারস্টারের হোটেল রুমে তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও অন্যান্য ভুয়া কাগজপত্র পেয়েছে দেশটির পুলিশ।
বুধবার (০৪ মার্চ) রোনালদিনহো এবং তার ভাইকে জাল পাসপোর্ট ও কাগজপত্রসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে প্যারাগুয়ের কয়েকটি গণমাধ্যম। প্যারাগুয়ের অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভুয়া কাগজপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদিনহোর কাছ থেকে যে পাসপোর্ট পাওয়া গেছে তাতে তার নাম, জন্মস্থান এবং জন্মতারিখ-সব ঠিকই আছে। কেবল নাগরিকত্বের জায়গায় ব্রাজিলের বদলে প্যারাগুয়ে লিখে বদল করা হয়েছে।
২০১৮ সালের নভেম্বরে রোনালদিনহোর ব্রাজিলিয়ান পাসপোর্ট জব্দ করে সরকার। অনুমোদন না নিয়ে দেশটির লেক গুয়াইবাতে একটি চিনির কল গড়ে তোলেন তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সেই জরিমানা দিতে না পারায় পাসপোর্ট জব্দ করা হয়।

এরই মধ্যে বুধবার (০৪ মার্চ) একটি দাতব্য প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে প্যারাগুয়ে গিয়েছেন রোনালদিনহো। সেখানে হোটেলে উঠার পর কর্মকর্তারা কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে জাল পাসপোর্ট পেয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবর।
প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউকলিডস একেভেডো জানান, রোনালদিনহোকে গ্রেপ্তার করা হয়নি, তার বিষয়ে অভিযোগ তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, ‘তারা (রোনালদিনহো এবং তার ভাই) গ্রেপ্তার হননি। তারা বিচারিক তদন্তে আছেন এবং তাদের সাক্ষ্য প্রমাণ নেয়া হবে। তারপর সিদ্ধান্ত হবে গ্রেপ্তার করা হবে কি হবে না।’
বার্তাবাজার/এমকে