চীনে শুরু হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস পৃথিবীর প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে পাকিস্তানে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এমনকি দেশটির করাচিতে প্রায় সব স্কুল ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তাই আসন্ন পাকিস্তান সফরে দল পাঠিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, তৃতীয় দফায় খেলতে আগামী ২৯ মার্চ পাকিস্তানের করাচিতে পৌঁছাবে বাংলাদেশ দল। এই সফরে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই সফর শঙ্কায় পড়ে গেছে। আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিসিবি। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে আমরা পিসিবির সঙ্গে কথা বলব এবং যদি কোনো ঝুঁকি দেখি তাহলে অবশ্যই আমরা পাকিস্তান সফরে দল পাঠাবো না। তবে এখনই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা আতঙ্কে এই মুহূর্তে কাঁপছে গোটা বিশ্ব। শুধুমাত্র আন্টার্টিকা বাদে অন্য সব মহাদেশই এই ভাইরাসের কবলে পড়েছে। সারা পৃথিবীতে এই মুহূর্তে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজারের বেশি।
বার্তাবাজার/কে.জে.পি