‘এমন সুযোগ জীবনে আর পাবেন না। এতে অংশ নিলে আপনাদের পাপ কিছুটা হলেও কমবে’ বলে বিএনপির নেতাকর্মীদের মুজিব বর্ষের অনুষ্ঠানে অংশ নেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ নাসিম।
বুধবার (৪ঠা মার্চ) বিকালে বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানে্র স্মরণে বগুড়া শহীদ খোকন পার্কে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, নেত্রীকে জেলে রেখে বিএনপির নেতারা শুধু হুংকার দেয়। ঘর থেকে রাজপথে আসে না। তাদের মিলাদ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রিয় নেত্রী জেল থেকে মুক্তি পাবে কি পাবেনা তা আল্লাহ ভাল জানে।
মোহাম্মাদ নাসিম আরও বলেন, একজন সাধারণ মানুষ খুন হলেও বিচার হয়। কিন্তু বিএনপি ২১ বছর ধরে বঙ্গবন্ধুর মত একজন দেবতুল্য নেতার হত্যার বিচার আইন পাশ করিয়ে আটকে রেখেছিল। অবশেষে বিচার ঠিকই হয়েছে। বিএনপি বঙ্গবন্ধুর খুনীদের বাঁচানোর পাপে আজ দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে।
বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নানকে নির্বাচিত করা জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান মোহাম্মাদ নাসিম।
বার্তাবাজার/এসজে