আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে নগরীর জামালখানে চসিক নির্বাচন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিএনপি’কে বর্তমানে দেশের সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে দাবি করে তিনি বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে জনগণ বিএনপিকে ভোট দিবে। বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তির জন্য জনগণকে একত্রিত করতে এ নির্বাচনে সম্পৃক্ত হতে যাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চসিক নির্বাচনে মেয়র পদ প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এসএম সাইফুল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডব্লিও.এস