রোহিঙ্গা শিবির পরিদর্শনে র্যাব পরিচালক লে.কর্ণেল সরোয়ার
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৭জন রোহিঙ্গা ডাকাত সদস্য নিহতের ঘটনাস্থলসহ জেলার বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং ও ইন্টেলিজেন্স পরিচালক লে: কর্ণেল সরওয়ার বিন কাশেম।
বুধবার (৪মার্চ) সকাল ১১টায় র্যাবের একটি বিশেষ হেলিকপ্টার যোগে টেকনাফ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরন করলে র্যাব-১৫ ব্যাটালিয়নের ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব তাকে অভ্যার্থনা জানান। পরে দুপুর ১টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের ২৬ ও ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার বালুখালী ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। এসময় র্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি জানান, আমরা রোহিঙ্গাদের কে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছি। সুতরাং সহানুভূতির সুযোগ কাজে লাগিয়ে এদেশের ভূখন্ডে সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাবে সেটা কখনো সহ্য করা হবে না। এসমস্ত সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে আইনশৃংখলা বাহিনী তথা র্যাব সদস্যরা সবসময় তৎপর রয়েছে। এসব সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গা শিবির ত্যাগ করেন।
বার্তা বাজার / ডব্লিও.এস