সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে মাদ্রাসার প্রধান শিক্ষক চড় মেরে ছাত্রের কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম আমিরুল ইসলাম। তিনি এনায়েতপুর থানার অন্তর্গত গোপালপুরের বন্ধন তালিমুল কোরআন নুরানিয়া-হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।
এ ব্যাপারে বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ জানান, ঘটনাটির খবর পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষকের চড়ে আহত ছাত্র রিফাতের বাবা বুলবুল হোসেন জানান, ‘গত ২রা মার্চ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে ছোট ছোট শিশুরা হৈচৈ করলে প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আমার প্রথম শ্রেনীতে পড়ুয়া ছেলে রিফাতকে ডেকে আনেন। তাপর কানে কয়েকটা চড় মারেন যাতে রিফাতের কানের পর্দা ফেঁটে যায়। স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে রিফাতকে হাসপাতালে নিয়ে যান’।
এই ঘটনাটিকে সমাধানের নামে মাদ্রাসা কমিটি সুকৌশলে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বুলুবুল হোসেন।
অভিযুক্ত আমিরুল বলেন, ‘এত এত শিশুকে পড়ানোটা খুব কঠিন। তাদের নিয়ন্ত্রন করার জন্য মাঝে মাঝে শাসন করতে হয়। এখন যে ঘটনাটি ঘটেছে তা মুরুব্বীরা সমাধান করার চেষ্টা চালাচ্ছেন’।
মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক বাবুল মোল্লা বলে, ‘এর আগেও এই রকম অপ্রীতিকর ঘটনার দায়ে এক শিক্ষক বরখাস্ত হয়েছিল। তবুও কেউ নিজেদের শুধরিয়ে নেয়নি’।
বার্তাবাজার/এসজে