এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সংশোধিত রুটিন অনুযায়ী আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে শুরু হবে এ পরীক্ষা। চলবে ৪ মে পর্যন্ত। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৩ মে।

বুধবার (৪ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

প্রতিটি তত্ত্বীয় পরীক্ষায় ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে রুটিনে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী প্রশ্নের ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট ও লিখিত ৭০ নম্বরের জন্য আড়াই ঘণ্টা সময় দেয়া হবে।

পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজ থেকে সংগ্রহ করতে হবে জানায় শিক্ষা বোর্ড। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে কোনো প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

সংশোধিত রুটিন (এইএসসি)

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর