পঞ্চগড়ে জেলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ, ২ ছাত্রলীগ নেতাসহ আটক ৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার আউলিয়া এলাকায় এক জেলের জমি দখল,বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ভাড়াটে হিসেবে জমি দখল, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও জমির মালিক অসহায় তৈয়ব আলীকে মারধর করে বোদা উপজেলা ছাত্রলীগের দুই নেতা, ৪ কর্মী- সমর্থক সহ প্রায় ২১ জন।

পরে ঐ এলাকা ত্যাগের সময় এলাকাবাসীর হাতে আটক হন বোদা উপজেলা ছাত্রলীগের দুই নেতা সহ ৪ কর্মী ও সমর্থক।পরে তাদের আটোয়ারী উপজেলা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার ( ৩ মার্চ ) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া এলাকায় জমি নিয়ে এ বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনাটি ঘটে।খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় তৈয়ব আলী(৫২),তার স্ত্রী হাসিনা বেগম (৪৮) গুরুতর আহত হন।পরে তাদের ফায়ার সার্ভিসের সহায়তায় পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাতেই এ ঘটনায় তৈয়ব আলীর মেয়ে তানজিনা আক্তার আটোয়ারী থানায় আটককৃত ৬ জন সহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ নামে একটি মামলা দায়ের করে ।

বুধবার (৪মার্চ) দুপুরে আটককৃতদের আটোয়ারী থানা পুলিশ আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

আটককৃতরা হলেন বোদা উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক রুবায়েত হোসেন সবুজ (২০), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনজাম পিয়াল (১৯), রিপন ইসলাম (২০),হাবিবুল্লাহ প্রধান (২০),নুরুল ইসলাম (২৫) ও শাহরিয়ার আলম প্রিন্স (২০)।

মামলার এজহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,আটোয়ারী উপজেলার বার আউলিয়া এলাকায় তৈয়ব আলীর তার পৈতৃক জমিতে গত তিন মাস আগে বাড়ি করে।ওই জমি নিয়ে তৈয়ব আলীর চাচাতো ভাই দারাজুল ইসলাম (৫৩) এর সাথে বিরোধ বাঁধে। মঙ্গলবার দুপুরে তৈয়ব আলীর বাড়ি দখলের জন্য বোদা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মী সহ প্রায় ২১ জনকে ভাড়া করে দারাজুল ।তারা তৈয়ব আলীর বাড়ি ভাংচুর ও তাকে মারধর করে তার বাড়িতে অগ্নিসংযোগ করে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আটোয়ারী থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাতে প্রেরণ করে। আমরা বাকীদের আটকের জন্য চেষ্টা চালাচ্ছি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর