গায়ে হাত দিয়ে শ্লীলতাহানীর অভিযোগে রাজধানীর দক্ষিণখান থানার ওসি শামীম হোসেনসহ ১০ পুলিশের সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির দতন্তভার ন্যস্ত হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামসুন্নাহারের আদালতে বুধবার (৪ মার্চ) মামলাটি করেন ৪৩ বছর বয়সী এক নারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন, এসআর আবদুল কাদির, আরিফ হোসেন, এএসআই মো. রউফ, নুরুল ইসলাম, কনস্টেবল মনিরুল ইসলাম, জয়েন উদ্দিন, মো. তৌফিক, ইয়াসমিন আক্তার রুনা আক্তার ও মার্জিয়া আক্তার (পুতুল) এই দশজনকে মামলায় আসামী করা হয়েছে বলে মামলার বাদীর আইনজীবী ইমরুল হাসান নিশ্চিত করেন।
জানা যায়, বাদীর সৎভাই ইকবাল হোসেনের সাথে বাদীর জমি-জমা নিয়ে মামলা চলছে। সম্প্রতি আদালত বাদীর সৎ মা মার্জিয়া আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেন। এটা জানতে পেরে বাদী ও তার পরিবারকে উচ্ছেদের জন্য বাদির বাড়িতে ছুটে যান মার্জিয়া।
আরও জানান যায় ওসি শামীম হোসেন মামলা সম্পর্কে অবগত থাকা অবস্থায় মার্জিয়ার কাছ থেকে নগদ টাকা নিয়ে বাদীর বাসায় দরজা ভেঙে প্রবেশ করে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাদীর পোশাক খুলে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দেয়।
এছাড়াও সেখানে উপস্থিত সাক্ষীরা এ বিষয়ে কিছু বললে তাদেরকেও গণধর্ষণ করে মেরে ফেলার হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে