ওমরাহ পালন করতে গিয়ে নিখোঁজ বাকৃবির চার শিক্ষার্থী

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বেগে রয়েছেন ওই শিক্ষার্থীদের পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী আল-আমিন, ফাহিম হাসান খান ও শেখ মিজানুর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আব্দুল মোমেন। চারজনই বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে থাকতেন এবং হলে তাবলীগ জামায়াতের সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, গত ২৫ জানুয়ারি ফাহিম ও মোমেন বি এস এস ট্রাভেলস এবং মিজানুর ও আল আমিন সাদমান ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ওমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করে। ফেব্রুয়ারি মাসে তাদের ভিসার মেয়াদ শেষ হলেও আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করছি।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, তাঁরা কাজের সন্ধানে সেখানে থেকে গেছে নাকি অন্যকিছু আছে সে বিষয়ে আমরা তদন্ত করছি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর