আমাদের মধ্যে যেন প্রভূত্ব সৃষ্টি না হয় : হুইপ স্বপন
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘যারা এমপি কিংবা যারা জেলা পরিষদে, উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদে কিংবা সরকারি বিভিন্ন জায়গায় আছি আমাদের মধ্যে যেন প্রভূত্ববাদী মানসিকতা কিংবা জমিদারী মানসিকতা সৃষ্টি না হয়। আমরা যেন আমাদের তৃণমূলের কর্মীদের ধারণ করি।’
বুধবার (৪ মার্চ) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সম্মেলন কক্ষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘ফাঁকিবাজি করে সংগঠন করতে আমি রাজি নই এবং যেনোতেনোভাবে ঘরে বসে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি এবং পকেট কমিটি এই ধরণের কাজটিতে আমি পছন্দ করি না। আমি মনে করি আওয়ামী লীগ একটি সংগঠন, এই সংগঠনের প্রতিটি কর্মী একেকটি প্রাণ।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা নতুন কাউকে নমিনেশন দিলেও পাস করছে। এই কারিশমা আমাদের নয়, এটি জননেত্রী শেখ হাসিনার। সাধারণ মানুষের আস্থা শেখ হাসিনার প্রতি আছে বলেই শেখ হাসিনা যাকেই নমিনেশন দেন তিনিই নির্বাচিত হন।
বর্তমান সমেয়র সমালোচিত শামীমা নুর পাপিয়া সম্পর্কে তিনি বলেন, ‘তৈলমর্দনকারী শ্রেণিটা আমাদেরকে এমনভাবে ঘিরে ফেলছে সমাজে নানাভাবে রাজনীতি এবং আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা কেউই চাইনি আমাদের দলে এরকম জঘন্য মনোবৃত্তির কোন নারী আমাদের সংগঠনের কোন পর্যায়ে দায়িত্ব পাক। কিন্তু কোন না কোনভাবে কাউকে না কাউকে ম্যানেজ করে ওই নারী আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের সাধারণ সম্পাদক হয়ে পুরো দলীয় সিস্টেমটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে! ভবিষ্যতে যাতে এরকম কোন ঘটনা না ঘটে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।’
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যা. মোস্তাফিজার রহমান ফিজার এমপি’র সভাপতিত্বে বর্তিত সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
বর্ধিত সভা অনুষ্ঠিত হবার আগে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।’
বার্তা বাজার / ডব্লিও.এস