লক্ষ্মীপুরে মানবপাচার মামলায় রাজু হোসেন ইমন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ওই আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী।
বুধবার দুপুরে দ্বীর্ঘ শুনানি শেষে এ রায় দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইমন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাসিন্দা মৃত হারুনুর রশিদের ছেলে। মামলার এজাহার ও আদালত সূত্রে জানাগেছে, জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামের মো. হানিফের সঙ্গে ইমনের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিল।
বিরোধকে কেন্দ্র করে ২০১৬ সালের ২ নভেম্বর হানিফের ছেলে আব্দুল্লাহকে (৪) অপহরণ করেন অবিযুক্ত রাজু হোসেন ইমন। পরে আবদুল্লাহকে ৩০ হাজার টাকার বিনিময়ে অজ্ঞাত ব্যক্তিদের কাছে বিক্রি করে দেয় সে। পরবর্তীতে শিশু আব্দুল্লাহকে খুঁজে না পেয়ে পাঁচজনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেন মা আমেনা বেগম।
ওই বছরের ১ ডিসেম্বর চাঁদপুর থেকে পুলিশ আবদুল্লাহকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত ইমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই মামলা নির্দোষ প্রমাণিত হওয়ায় শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে নামে অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বার্তাবাজার/কেএ