ঈশ্বরগঞ্জে মাজারের ফকিরকে মাথা থেঁতলে হত্যা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাজারভক্ত এক ফকিরকে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। বুধবার সকালে মাজারের সাথে একটি টিনশেডের ঘরে রক্তাক্ত লাশ পায় পুলিশ। পুলিশের ধারণা- টাকা ও মাদক খাওয়া নিয়ে বিরোধেই হয়তো ফকিরকে হত্যা করে পালিয়ে যায় সঙ্গীরা। তবে নিহতের পরিচয় শনাক্ত হওয়া যায়নি।
উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের পেছনেই গলকুন্ডা গ্রামে মো. কিতাব উদ্দিন ফকিরের মাজার রয়েছে। মাজারটিতে প্রায়ই ভক্ত ফকিরদের আনাগোনা হয়। ফকিররা এখানে এসে অবস্থানও করে। গত দু’দিন ঘরে মাজার এলাকায় লম্বা চুল-দাঁড়ির ৪০ বছর বসয়ী এক পাগলকে দেখতে পায় স্থানীয় লোকজন। তার সাথে আরো কয়েকজন ফকির আশপাশের বাড়ি থেকে খাবার চেয়ে খেতো।
বুধবার সকালে স্থানীয় লোকজন মাজারের টিন শেডের ঘরটিতে ফকিরের দেহের পাশে রাক্তের ধারা দেখতে পায়। পরে খবর দেওয়া হয় আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে। মাজারে ফকিরের লাশের খবর পেয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সাখের হোসেন সিদ্দিকী, ঈশ্বরগঞ্জ থানার ওসি, ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ডিপার্টমেন্ট (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে টাকা ও মদক নিয়ে বিরোধেই সঙ্গীদের হাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি খুন হয়ে থাকতে পারে। পরিচয় শনাক্তে প্রচেষ্টা চালানো হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।
বার্তাবাজার/এমকে