‘পাস করে চাকরির পিছে না ছুটে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এজন্য ঋণের সুদের হার কমিয়ে আনতে যাচ্ছি, সিঙ্গেল ডিজিট করা হয়েছে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৪ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। একটু সুযোগ পেলেই তারা অনেক ভালো কিছু করতে পারে।’‘দেশের সার্বিক উন্নয়নের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।’
জনশক্তির উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা জানেন ইতোমধ্যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। দক্ষ জনশক্তি গড়ে তুলতে ব্যবস্থা নিচ্ছি। আমাদের দেশের প্রায় ৮ হাজারের মতো পোস্ট অফিস আছে। সেগুলো ডিজিটাল করেছি। নিজের ইউনিয়নে, নিজের ঘরে বসে পণ্য যাতে বিক্রি করা যায়, সে ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে।’
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য বিশ্বমানের। এগুলোর সঙ্গে আমাদের ঐতিহ্য জড়িত। তবে ঋতু-বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে পণ্য উৎপাদন করা যায়, তা দেখতে হবে। ক্রেতার চাহিদা কী, সেটাও দেখতে হবে; সেভাবেই পণ্য উৎপাদন করতে হবে। সার্বিক বিষয়ে গবেষণা করে পণ্যের চাহিদা, পণ্যের উৎপাদন ও পণ্য সরবরাহ করতে হবে।’
বার্তাবাজার/এমকে