মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীতে নৌকার প্রতীকে সাজানো নেচে গেয়ে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহিয়া মাহির উদ্যোগে জেলার তানোরে দুইদিনব্যাপী স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের শেষ দিন বৃহস্পতিবার বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন তিনি। পরে তিনি মঞ্চে নাচবেন ও গাইবেন।
আগামীকাল বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মুণ্ডুমালা পৌর এলাকার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভিন্নরূপে সেজেছে খেলার মাঠ। এলাকায় চলছে উৎসবের আমেজ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুর হক। এতে বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। এছাড়া আরও উপস্থিত থাকবেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহতো ও তানোর থানার ওসি রাকিবুর হাসান।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মিঠু শেখ বলেন, ‘নায়িকা মাহির নানা বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। এ সুবাদে মুজিববর্ষ উপলক্ষে মাহি তার নিজ উদ্যোগে ‘স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট’ খেলার আয়োজন করেন।’
তিনি জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। ৫ মার্চ বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন মাহি। পরে মঞ্চে নাচবেন ও গাইবেন তিনি নিজেই।
খেলায় খেলোয়াড় ও দর্শকদের সুবিধার কথা ভেবে মাঠের চার পাশে ও ওপরে সামিয়ানা দেয়া হয়েছে। এছাড়াও মঞ্চটি নৌকার প্রতীকে সাজানো হয়। ‘স্বপ্ন’ নামের স্থানীয় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন টুর্নামেন্টের আয়োজন করেছে। দর্শক ও অতিথিদের নিরাপত্তার কথা ভেবে থানা ও ফাঁড়ি পুলিশের পাশাপাশি জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।
বার্তা বাজার / ডব্লিও.এস