শিক্ষকরা কোচিং করাতে পারবেন না : শিক্ষামন্ত্রী

আজ মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ সময় তিনি বলেন, স্কুলের বাইরে বসেও কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না। বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের কোচিং সেন্টারে আসতে বাধ্য করে এবং সেখানে না পড়লে তাকে ফেল করিয়ে দেয়া হয়; এমনটি কোনোভাবেই চলবে না। শিক্ষকদের এসব কোচিং সেন্টার বন্ধ করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীরা আছে যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না, তাদেরকে বিদ্যালয়ে বসে বিনামূল্যে আলাদাভাবে পড়ালেখা করিয়ে এগিয়ে নিতে হবে। যাতে করে সে সব নিম্নবিত্ত শিক্ষার্থীরা সুশিক্ষার সুযোগ পায়।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সচিব শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর