চসিক নির্বাচন : বিকল্প প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের চিঠি দেবে বিএনপি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে কাউন্সিলর পদে বিকল্প প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠি প্রদান করবে মহানগর বিএনপি।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত ৯টা থেকে নগরীর ১২টি ওয়ার্ডে দলীয় প্রার্থীর বিকল্প হিসেবে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের চিঠি দেবে বলে জানান নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

তিনি বলেন, মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্য্যক্রমে কোন কারণবশত মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কায় প্রার্থী সংকট মোকাবেলায় মহানগর বিএনপি আগে থেকেই নগরীর ১২টি ওয়ার্ডে ১৬ জনকে বিকল্প প্রার্থী হিসেবে বাছাই করে রেখেছিলো। বিকল্প প্রার্থী হিসেবে বাছাইকৃত প্রার্থীরা দলের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলও করেছিলেন। তবে নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক বিভাগ কর্তৃক মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্য্যক্রমে কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে কারো প্রার্থীতা বাতিল হয়নি। যার দরুন বিকল্প প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করা আবশ্যক। তাই যাদেরকে বিকল্প প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল তাঁদের প্রার্থীতা প্রত্যাহারে চিঠি দেওয়া হবে।

বিএনপির দলীয় প্রার্থীদের বিকল্প প্রার্থী হিসেবে যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছিলেন তারা হলেন, ৫ নং মোহরা ওয়ার্ডে জানে আলম জিকু, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আর ইউ চৌধুরী শাহীন, ৮ নং ওয়ার্ড শুলকবহরে নগর জমির উদ্দিন নাহিদ, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে বাদশাহ আলমগীর, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে আব্দুল হালিম স্বপন, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে মোহাম্মদ তৈয়ব

২০ নং দেওয়ান বাজারে ওয়ার্ডে লিয়াকত আলী, ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডে রিয়াদ খান, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের আজিজুর রহমান বাবুল ও মহসীন আলী চৌধুরী, ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে মেজবাহ উদ্দিন মিন্টু, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহরে ওয়ার্ডে আজম উদ্দিন এবং ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে হাসান মাহমুদ।

এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে নারী প্রার্থী হিসেবে যারা বিকল্প প্রার্থীর তালিকায় রয়েছেন তাঁরা হলেন, ৯ নং উত্তর পাহাড়তলী, ১০ নং উত্তর কাট্টলী ও ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের ইসমত আরা জেরিন, ১৭ নং পশ্চিম বাকলিয়া, ১৮ নং পূর্ব বাকলিয়া ও ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের শামীমা নাসরিন এবং ১৪, ১৫ ও ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ওয়ার্ডের রাজিয়া বেগম রেনু।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর