ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল চেয়ে বিএনপির দুই মেয়রপ্রার্থীর পৃথক মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ ১৫ বিবাদীকে জবাব দিতে সমন জারি করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্য সিটি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়রপ্রার্থীদের পৃথক দুই মামলা আমলে নিয়ে বিবাদীদের জবাব দেয়ার জন্য এ সমন জারি করেন। আগামী ২ এপ্রিল সমনের জবাব দেয়ার দিন ধার্য করেছেন আদালত। সমন জারির বিষয়টি আদালতের স্টোনোগ্রাফার জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।
সোমবার (২ মার্চ) ডিএনসিসি নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল চেয়ে ও নতুন নির্বাচনের দাবিতে মামলা করেন ওই নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার (৩মার্চ) নির্বাচন বাতিল ও নতুন নির্বাচন চেয়ে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনও একটি মামলা করেন।
তাবিথ আউয়ালের মামলায় বিবাদী করা হয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ আট জনকে। ইশরাকের মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আট জনকে বিবাদী করা হয়।
দুই মেয়র প্রার্থীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি। নির্বাচন সঠিকভাবে হয়নি। নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। আমরা তাই বিতর্কিত এ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের জন্য মামলা করেছি।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচনে ডিএনসিসি ও ডিএসসিসিতে মেয়র পদে জয়লাভ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বার্তা বাজার / ডব্লিও.এস