সাতক্ষীরায় ট্রাক ভর্তি ফেনসিডিল উদ্ধার, আটক ২
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে। এসময় ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (যার নং-যশোর ট-১১-৩০৪৮) জব্দ করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন, যশোর জেলার শার্শা থানার বাগুড়ি গ্রামের আয়নাল শেখের ছেলে সোহাগ হোসেন (২৮) ও একই থানার দাউদখালি গ্রামের কাশেম আলির ছেলে তরিকুল ইসলাম (২৭)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস জানান, তাঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক হোসেন, এএসআই মোঃ রকিবুল ইসলাম, এএসআই বিল্লাল হোসেন সহ সংগীয় ফোর্সের সহায়তায় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কলারোয়ার হামিদপুর গ্রামের জনৈক মনিরুজ্জামান ওরফে মনিরের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দু’জন যুবকসহ একটি ট্রাক আটক করেন। পরে ট্রাক তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হওয়ায় মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস