বহুজাতিক কোমল পানীয় বিক্রেতা প্রতিষ্ঠান কোকাকোলার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস কুয়েনসি বাংলাদেশে ১ হাজার ৭০০ কোটি টাকার নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার প্রথমবারের মতো কোকাকোলার রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।
জেমস কোয়েনসি বলেন, ‘আমাদের বিশ্বাস, আমাদের ব্যবসা ঠিক ততটুকু টেকসই, যতটুকু আমাদের জনসমাজ পারিপার্শ্বিক পরিমণ্ডল টেকসই। যার মানে আমাদের ব্যবসার টেকসই উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন আমাদের চারপাশের জনসমাজ ও মানবসমাজের উন্নয়ন সম্ভব হবে।’
বাংলাদেশের উন্নতিকে কোকাকোলা স্বীকৃতি দেয় জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে এবং বাংলাদেশের জন্য ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগকে আমরা নিজেদের জন্য বড় সুযোগ হিসাবে দেখি। একইসঙ্গে আমরা প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নতিকেও স্বীকৃতি দিই।’
জেমস কোয়েনসি আরো বলেন, গত পাঁচ বছরে ৮৫০ কোটি টাকার বিনিয়োগ করেছে কোকাকোলা। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ১ হাজার ৭০০ কোটি টাকা (২০ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোকাকোলার।
২০২০ সালের মধ্যে বাংলাদেশের এক লাখ নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার কথাও বলেন জেমস কোয়েনসি।
এসময় কোকাকোলার ইন্ডিয়া ও সাউথ-ওয়েস্ট এশিয়ার প্রেসিডেন্ট টি. কৃষ্ণকৃমার, ইক্সিকিউটিভ অ্যাসিসটেন্ট টু দ্য সিইও স্টেসি লিন অ্যাপটার, কোকাকোলার এশিয়া প্যাসিফিক অঞ্চলের চিপ মার্কেটিং অফিসার ও গ্রুপ প্রেসিডেন্ট ম্যানুয়েল মানোলো আরোয়ো, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি গ্রুপ প্রেসিডেন্ট ও বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের প্রেসিডেন্ট মার্সেলো বফি, কোকা-কোলার দক্ষিণ-পশ্চিম এশিয়ার অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট সন্দীপ বাজোরিয়া, কোকা-কোলা ইন্ডিয়া ও সাইথ-ওয়েস্ট এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনসের ভাইস-প্রেসিডেন্ট ইশতিয়াক আমজাদ এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অজয় বাতিজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডব্লিও.এস