বাল্য বিবাহ বন্ধে শপথ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী
যশোরে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়ে না করা এবং নারী ও শিশুর প্রতি অবিচার বন্ধে শপথ নিয়েছে। মঙ্গলবার(০৩ই মার্চ)দুপুরে ইছালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম।
এসময় শিক্ষার্থীদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে স্কুল ক্যাম্পেইনের অংশ হিসেবে তারা এ শপথ নেয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএস এম আবদুল খালেক।
ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল তালেবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইছালী ইউনিয়নের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আ লিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে, জেলা সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাস, মানব সম্পদ বিভাগের জোনাল ম্যানেজার আমিনুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার সরোয়ার হোসেন, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট জয়নাব খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার কাকলি আক্তার ও ফিল্ড অর্গানাইজার শিরিনা খাতুন।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের সিনিয়র ডিএম আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাল্য বিয়ে না করা ও হতে না দেয়া, যৌন হয়রানিসহ সব ধরনের নির্যাতন করা থেকে দূরে থাকা ও নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে শপথ নেয়।সবশেষে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।প্রতিযোগিতায় বিজয়ী আট জনের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বার্তা বাজার / ডব্লিও.এস