খানসামায় লাইসেন্সবিহীন করাতকলে জরিমানার পর কার্যক্রম বন্ধ ঘোষণা
দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে চালু করা এবং লাইসেন্স না থাকায় দুটি করাতকলের মালিককে জরিমানা করে করাতকলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল ইসলাম।
বুধবার দুপুরে উপজেলার কাচিনীয়া ও রামকলা বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে কাচিনীয়া বাজারে দুটি অবৈধ করাতকলের লাইন্সে না থাকায় পৃথকভাবে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে করাতকলের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে।
বন্ধ দুটি করাতকলের মালিক হলেন, খানসামা উপজেলার কাচিনীয়া বাজার এলাকার মাহবুর রহমান এবং একই এলাকার মো. সাইফুল ইসলাম।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন, ‘বুধবার খানসামা উপজেলার রামকলাহাট ও কাচিনীয়া বাজারে অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলার কাচিনীয়া বাজারে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার দায়ে করাতকল লাইন্সেস বিধিমালা ২০১২ এর ধারায় দুইজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং করাতকল দুটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়। অবৈধ করাতকল বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’
বার্তাবাজার/কেএ